এমআরএর প্রধান পদ হলেন অধ্যাপক হেলাল উদ্দিন
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নির্বাহী ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
নির্বাহী ভাইস চেয়ারম্যানই হচ্ছে এমআরএর প্রধান পদ। পদাধিকারবলে সংস্থাটির চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এত দিন সাবেক আমলাদের নিয়োগ দিয়েছে। হেলাল উদ্দিনকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই প্রথম ব্যতিক্রম ঘটল। এর মধ্য দিয়ে দেশের একজন গবেষককে নির্বাহী ভাইস চেয়ারম্যান হিসেবে পেল এমআরএ।
২০০৬ সালে গঠিত হয় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। এ সংস্থার সনদ ছাড়া বর্তমানে কেউ ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাতে পারেন না।