ছাত্র-জনতার ওপর র্যাব সদস্যরা কখনোই গুলি করেনি: র্যাব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে র্যাব সদস্যরা কখনোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। এমনটাই দাবি করেছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
রবিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন- "ছাত্র-জনতার ওপরে র্যাবের কোনো সদস্য লিথাল ওয়েপন (প্রাণঘাতী অস্ত্র), এটা হয়তো আপনারা বুঝবেন, লিথাল, নন-লিথাল, লেস লিথাল এরকম কিছু ভাগ আছে অস্ত্রের। কখনোই ব্যবহার করেনি। লিথাল ওয়েপন কখনোই ব্যবহার করা হয় নাই র্যাবের কোনো সদস্য দ্বারা,।"
তিনি আরও বলেন, "ছাত্র-জনতার যে আন্দোলন ছিলো, সেটার সঙ্গে আমরা ছিলাম, সেটার সঙ্গে আমরা আছি এবং এই যে অভ্যুত্থান, এটাকে সফল করার জন্য এখন আমাদের যা যা করণীয়, সবই করে যাচ্ছি।"
পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি বলেও জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।