আ'লীগ-যুবলীগের আরও দুই নেতা গ্রেফতার
রাজধানীর পল্লবী ও মিরপুর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের আরও দুইজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
শনিবার রাতে পল্লবী থেকে ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ অগাস্ট বিকেলে মিরপুর ১০ নম্বর বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন মোঃ ইমন হোসেন আকাশ। ওই ঘটনায় ইমনের মা বাদী হয়ে গত ২৭শে অগাস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।
ডিএমপি জানিয়েছে, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার আরেক আসামি পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ।