• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চুয়েটে বাড়ল ভর্তি ফি, ছাত্রদলের প্রতিবাদ

চুয়েটে বাড়ল ভর্তি ফি, ছাত্রদলের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতকোত্তর শ্রেণির ভর্তি ফি প্রায় চার গুণ বাড়ানো হয়েছে। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি ফি ছিল ২ হাজার ৭০০ টাকা। অথচ গত ২৫ সেপ্টেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তিতে ভর্তি ফি নির্ধারিত করা হয়েছে ১০ হাজার ৬০০ টাকা।

এধরণের অসামঞ্জস্যপূর্ণ ফি নির্ধারণকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার্থীদের কোন আবাসন সুবিধা নেই। অন্যান্য সুযোগ-সুবিধাও অপর্যাপ্ত। সেক্ষেত্রে গ্রন্থাগার, ক্রীড়া, ল্যাবরেটরি, ইউনিয়ন ফি নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক প্রশ্ন আছে।

যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানে এধরণের সিদ্ধান্ত নেয়ার পূর্বে শিক্ষার্থীদের সাথে আলোচনা ও তাদের মতামত যথাযথভাবে বিবেচনার দাবি জানিয়েছে ছাত্রদল।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, স্নাতক পাস করে চাকরির প্রস্তুতি নেয়ার এই সময়টায় মেসের ভাড়া, খাওয়াদাওয়ার খরচ, বিভিন্ন চাকরিতে আবেদন ফি ইত্যাদি সামলাতে হিমশিম খাওয়ার মধ্যে এত টাকা দিয়ে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীর জন্যই কঠিন।

০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।