সারাদেশেই বৃষ্টিপাত, যা জানাল আবহাওয়া অফিস
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকেই মুষলধারে চলছে বৃষ্টি। বুধবার সন্ধ্যার পর থেকে এই বৃষ্টিপাত শুরু হয়, যা অনবরত চলছেই।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলেছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ ১২০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে।