ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে নির্যাতনের ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এজাহার দিয়েছে, সে অনুযায়ী হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে। ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবিরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।