কালো টাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে
আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার বিধান ছিল, যা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সম্পর্কিত বিধি ও রীতি বন্ধ করে দেয়ার চিন্তা রয়েছে। এরই মধ্যে অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সাংবাদিকদের তথ্যগুলো নিশ্চিত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার সঙ্গে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রিজওয়ানা হাসান বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেগুলোর মধ্যে নিত্যপণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আলোচনা হয়েছে। পবিত্র হজের খরচ কীভাবে যৌক্তিক পর্যায়ে কমানো যায়— সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও অব্যাহত থাকবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ।