জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক এ এস এম আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। অধ্যাপনা ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার পাশাপাশি বরেণ্য এ শিক্ষাবিদ একাধিক এনজিওর সাথেও কাজ করেছেন।
বুধবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করাসহ বিধি অনুযায়ী অন্য সুবিধাদি ভোগ করবেন।
এর আগে গত ১১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মশিউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ১৯৯৩ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে যোগ দেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও পাঠদানে যুক্ত ছিলেন। আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর এমপিএইচ অ্যান্ড অ্যাপ্লায়েড সোশিওলজি প্রোগ্রামের উপদেষ্টা ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আমানুল্লাহ। এ ছাড়া তিনি একাধিক এনজিওর সাথেও যুক্ত ছিলেন।