• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীর বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি মিশন চীফ লিউ ইউইন উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এসময় তিনি বলেন, ফেনীবাসী তথা বাংলাদেশের মানুষের এই দুর্যোগকালীন সময় বাংলাদেশ সরকারের সকল প্রচেষ্টায় চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

রোববার ২৫ আগস্ট বেলা ২টায় ফেনী শহরের জিএ একাডেমী প্রাঙ্গণে খাবার বিতরণ করা হয়। চীনা দূতাবাস এবং এসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাইয়ের (এবকা) উদ্যোগে এই আয়োজন করা হয়।

চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছে। চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর পক্ষ থেকে এই উপহারটুকু বাংলাদেশের মানুষের কাছে পৌছে দেওয়া আমাদের দায়িত্ব। চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকা আমাদের দায়িত্ব।

মি. লিউ ইউইন আরো বলেন, চীনের জনগণের পক্ষ থেকে যে উপহার আমরা বাংলাদেশ দুস্থ মানুষকে দিয়েছি, এটি কোন সাহায্য নয়, এটি হচ্ছে ভালোবাসার নিদর্শন । এটি দুই দেশের মধ্যে আস্থার সম্পর্কের প্রতিফলন। অতীতের যে কোন সময় থেকে বাংলাদেশ চীনের মধ্যকার সম্পর্ক অনেক উঁচু। শত বছরের এই সম্পর্ককে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই।

খাবার বিতরণ কালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই  (এবকা) এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাহাবুল হক, চীনা দূতাবাসের অতিরিক্ত পরিচালক লি জিয়ান, কালচারাল এ্যাটাসি সান কাং নিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক ড. ইয়াং হুই প্রমুখ।

উল্লেখ্য, ফেনী ও কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার এবং শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করেছে চীনা দূতাবাস। প্রথম দফায় রান্না করা খাবার এবং দ্বিতীয় দফায় শুকনা খাবার বিতরণ করা হবে।

২৫ আগস্ট ২০২৪, ০৫:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।