ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল বর্তমান সরকার: উপদেষ্টা কবির খান
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মেট্রোরেলে ভ্রমণ করছেন।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এ সরকার দুর্বল সরকার নয়; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল বর্তমান সরকার। বিগত সরকারের আমলে সংগঠিত সকল ধরনের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিভিন্ন খাতে সংঘটিত বৈষম্য রোধে বর্তমান সরকারকে ন্যূনতম কিছু সময় দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হতে হবে। মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে।
রবিবার বাংলাদেশ সচিবালয়স্থ মেট্রোরেল স্টেশনে আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেলে ভ্রমণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।