• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

থাইল্যান্ডে এমপক্সের নতুন প্রাণঘাতী ধরন শনাক্ত

থাইল্যান্ডে এমপক্সের নতুন প্রাণঘাতী ধরন শনাক্ত

এবি ডেস্ক

থাইল্যান্ডে মাঙ্কিপক্স বা এমপক্সের নতুন প্রাণঘাতী ধরনের সংক্রমণ শণাক্ত হয়েছে। এশিয়ার ভেতরে এমপক্স ধরা পরার ঘটনা এটিই প্রথম।

আর আফ্রিকা মহাদেশের বাইরে এমপক্স শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি।

থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, এমপক্সে আক্রান্ত ব্যক্তি একজন ইউরোপিয়ান, যার বয়স ৬৬ বছর। তিনি গত ১৪ অগাস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান। আফ্রিকান ওই দেশটির নাম জানা যায়নি।

পরদিন তার দেহে এমপক্সের কিছু লক্ষণ দেখা দিলে তিনি সাথে সাথে হাসপাতালে যান। তখন জানা যায় যে তিনি এমপক্সের নতুন ধরন ‘ক্লেইড ওয়ানবি’ তে আক্রান্ত হয়েছেন।

থাইল্যান্ডে অবতরণ করার পর মোট ৪৩ জন ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলো। তাদের সবাইকে এখন ২১ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

বিশ্বের মোট ৪২টি দেশকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে থাইল্যান্ড। তাদের থাইল্যান্ডে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

ক্লেইড ওয়ানবি শুরুতে কঙ্গোর পূর্ব দিকে শনাক্ত হয়েছিলো। কিন্তু এখন তা সীমান্তবর্তী ও আশেপাশের প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।

এক সপ্তাহ আগে এশিয়া মহাদেশের বাইরে ক্লেইড ওয়ানবি সর্বপ্রথম ধরা পড়ে সুইডেনে। যে ব্যক্তির দেহে এটি শনাক্ত হয়, তিনিও সম্প্রতি আফ্রিকার কোনও দেশ থেকে সুইডেনে গিয়েছিলেন বলে জানায় দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

এবার এশিয়ার দেশ থাইল্যান্ডে প্রথম এমপক্সের ক্লেইড ওয়ানবি ধরনের সংক্রমণ ধরা পড়লো।

ঘনিষ্ঠ সংস্পর্শ, যেমন– যৌন সম্পর্ক, গায়ে গায়ে লাগা, মুখের কাছে গিয়ে কথা বলা বা নিশ্বাস নেওয়ার মাধ্যমে এমপক্স ছড়ায়।

 

সূত্র: বিবিসি বাংলা

২৩ আগস্ট ২০২৪, ০৫:০৫পিএম, ঢাকা-বাংলাদেশ।