• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

আইনজীবীদের আশ্রয় অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু অসুস্থ

আইনজীবীদের আশ্রয় অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু অসুস্থ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু’র সুস্থতা কামনা করেছেন দলীয় নেতাকর্মী ও আইনজীবীরা।

অ্যাডভোকেট আবদে ওয়াহিদ জানান, ঢাকা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সদ্য শেষ হয়েছে। এসব নির্বাচন নিয়ে লার্নেল অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু দলীয় প্রার্থীদের পক্ষে দিন-রাত কাজ করেছেন। এরপর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুবায়ের বলেন, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু দেশের আইনাঙ্গনে এক উজ্জ্বল তারকা। তিনি আমাদের সকলের অভিভাবক। আইনজীবীদের আস্থার ঠিকানা ও ভরসার জায়গা অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।

তিনি আরও বলেন, অনেক অসচ্ছল আইনজীবী আছে, যারা প্রকাশ্যে আসেন না। কিন্তু অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু অসচ্ছল আইনজীবীদের পাশে সবার আগে গিয়ে দাঁড়িয়েছেন। আইনজীবীদের স্বার্থ সুরক্ষা ও বিপদে আপদে সবসময় নিজেকে আগলে দিয়েছেন নজিবুল্লাহ হিরু।

অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জুবায়ের আরও বলেন, কাজী নজিবুল্লাহ হিরু একজন প্রচার বিমূখ মানুষ। তিনি দলীয় সব প্রোগ্রামে সবার আগে থাকেন। কোনো বিশ্রাম নেই, বিরতি নেই, দলীয় প্রোগ্রাম হলে অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু নিজের কথাও ভুলে যান। বঙ্গবন্ধুর আদর্শের এক সাহসী যোদ্ধা তিনি। যেকোনো বিষয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার পর কাজী নজিবুল্লাহ হিরু নিজের সবটুকু উজাড় করে দিয়ে কাজ করেন। তিনি দলীয় কর্মসূচীর পাশাপাশি ব্যক্তিগত ভাবেও অনেক কাজ করেন।

গোলাম কিবরিয়া জুবায়ের বলেন, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু বিগত দিনে বিএনপি-জামায়াত ও ১/১১ এর সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা নিয়ে কাজ করেছেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আদালতে দাঁড়িয়েছেন দলীয় নেতাকর্মীদের পক্ষে। কিন্তু তিনি কখনো এসব প্রচার করতে চাননি। তিনি প্রচার করেনও না। তিনি একটু অসুস্থ ছিলেন, এখন ভালো আছেন। আমরা সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। ২২তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার নাম ঘোষণা করেন।

অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ্ হিরু এর আগে বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, জগন্নাথ কলেজ ছাত্রলীগের সভাপতি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

১৯ মার্চ ২০২৩, ০৯:৪০এএম, ঢাকা-বাংলাদেশ।