নানা আয়োজনে ইবিতে বিজয় দিবস পালিত
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস পালিত হয়েছে । শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। একই সঙ্গে আবাসিক হলের প্রভোস্টরা নিজ নিজ হলে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরূত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে 'মুক্তবাংলা' ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন আবাসিক হল ও বিভাগসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়।