• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

পিআইবি’র প্রশিক্ষণ নিলেন ৩৩ ক্রীড়া সাংবাদিক

পিআইবি’র প্রশিক্ষণ নিলেন ৩৩ ক্রীড়া সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

পেশাদারিত্বের মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের রিপোর্টিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে ৩৩ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন। গত ২ আগস্ট থেকে প্রশিক্ষণ শুরু হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) পিআইবির সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেন শিকদার বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গন যে সমৃদ্ধি অর্জন করেছে, তার একক কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী মানুষ। যে কারণে দেশের ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের সুযোগ সুবিধা তিনি বাড়িয়ে দিয়েছেন। ক্রীড়া সংগঠকরা আজ নানা রকম সুবিধা পাচ্ছেন।’

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ক্রীড়া এমন একটি অনুষঙ্গ যার মাধ্যমে দেশ বিশ্ব দরবারে নতুন নতুন ভাবে মাথা উঁচু করে দাঁড়ায়। দেশ ক্রীড়াবিদদের নৈপুণ্যের মাধ্যমে নতুন করে বিশ্ব দরবারে পরিচিতি পায়।’

বাংলাদেশী ক্রীড়া সাংবাদিকদের প্রশংসা করে ড. বীরেন শিকদার বলেন, ‘সীমিত সুযোগ সুবিধা এমনকি টেকনোলজিতে ক্রীড়া সাংবাদিকদের আরও উন্নত হতে হবে। সব ধরণের লজিস্টিক সাপোর্ট এখন সহজেই পাওয়া যায়। আমাদের সাংবাদিকরা ক্রীড়াঙ্গনকে যেভাবে উপস্থাপন করেন, তা সত্যই প্রশংসার দাবি রাখে।’

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

০৪ আগস্ট ২০২২, ০৭:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।