• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ঈদে রেলের অগ্রিম টিকিট মিলবে ৫ স্টেশনে

ঈদে রেলের অগ্রিম টিকিট মিলবে ৫ স্টেশনে

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শান্তিপূর্ণ করার জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য অগ্রিম টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে রেলওয়ে। তবে অগ্রিম টিকিট সব স্টেশন থেকে পাওয়া যাবে না। রাজধানীর মোট ৫টি স্টেশন থেকে অগ্রিম টিকিট কেনা যাবে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। কমলাপুর রেল স্টেশনে চাপ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাবে।

এ ছাড়া বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট; তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।

অপরদিকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া স্টেশন (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

রেলমন্ত্রী জানান, ঈদের সম্ভাব্য তারিখ ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৭ এপ্রিলের টিকিট দেওয়া হবে ২৩ এপ্রিল। এভাবে ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।

এবার যাত্রীদের এনআইডি/জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকিট ক্রয় করতে হবে। এসব ব্যতীত অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না।

ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে। আর দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে।

এ ছাড়া খুলনা স্পেশাল (মৈত্রী রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রুটে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে। শোলাকিয়া স্পেশাল-১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলবে।

১৪ এপ্রিল ২০২২, ০৩:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।