জানা গেল এসএসসি পরীক্ষার সিলেবাস
প্রতিকী ছবি
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে এসএসসি পরীক্ষা কেমন সিলেবাসে হবে তা নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলতি বছরের মতো সংক্ষিপ্ত সিলেবাসেই ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস’ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়নি। ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ওমিক্রনের প্রভাব শুরু হওয়ার আগে চলতি বছর ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহে দু'দিন করে সরাসরি ক্লস করার সুযোগ পেয়েছে তারা। এর মধ্যে ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওমিক্রনের সংক্রমণে আবারও প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল।’
মন্ত্রী জানান, গত ১৫ মার্চ থেকে সরাসরি শ্রেণি পাঠদানে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। আগামী ডিসেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকলে এই নবম ও দশম শ্রেণিতে মিলে সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। যেখানে স্বাভাবিক অবস্থায় তারা ৩১৬ কর্মদিবস ক্লাস করার কথা। তাছাড়াও এই শিক্ষার্থীরা ২০২০ সালে ৮ম শ্রেণিতে জেএসসি-জেডিসি পরীক্ষাতেও অংশ নিতে পারেনি। এমনকি নবম শ্রেণির পরীক্ষাও দিতে পারেনি।
এসব দিক বিবেচনায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।