ছয় বিভাগে হবে ঝড়-শিলাবৃষ্টি
প্রতিকী ছবি
রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে এসব অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।
এ অবস্থায় মঙ্গলবার (১২ এপ্রিল) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে এসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় বাড়তে পারে হাওর অঞ্চলের প্রধান-প্রধান নদ-নদীর পানির সমতল।