‘ফ্রি ইফতার ও সাহরি’ দোকান, পুলিশের মানবিক উদ্যোগ
রমজান মাস এলেই দেশে নিত্যপন্যের দাম বাড়ে। শাক-সবজির বাজারেও আগুন। এই চিত্র যেন প্রতি বছর রমজান মাসের পরিচিত চিত্র। তবে রমজান মাস উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। রোজাদারদের জন্য বিনামূল্যে ‘ফ্রি ইফতার ও সাহরি শপ’ চালু করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল চত্বরে বসানো হয়েছে অস্থায়ী দোকান। পবিত্র রমজানের শুরুতে নিত্যপণ্যের বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এ কারণে ইফতার ও সাহ্রিতে ভালোমন্দ খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
চুয়াডাঙ্গা পুলিশের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে। শহরের নিম্ন আয়ের মানুষ অস্থায়ী দোকান থেকে চাহিদা অনুযায়ী পন্য নিচ্ছেন। নির্দিষ্ট সময়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর স্বজন ও পথচারীদের মাঝে বিতরণ করা হচ্ছে খাবার।
সোমবার (৪ এপ্রিল) অভিনব এই দোকান উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শতাধিক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার।
জানা গেছে, অভিনব এই মানবিক দোকানের উদ্যোক্তা চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি এ ধরণের উদ্যোগের ব্যাপারে বলেন, প্রথম দিন পুলিশের নিজস্ব উদ্যোগে ১৪০ জনের জন্য ইফতার ও ২৫ জনের জন্য সাহ্রির ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, ‘এই উদ্যোগের খবরে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও কয়েক ব্যক্তি সহযোগিতার কথা বলেছেন। অন্যরা এগিয়ে এলে ইফতার ও সাহ্রির পরিসর আরও বাড়ানো যাবে।’