• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ইউক্রেনে গণকবরের সন্ধান, মারিওপোলে মানবিক করিডোর

ইউক্রেনে গণকবরের সন্ধান, মারিওপোলে মানবিক করিডোর

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের বুচা শহরে একটি গির্জার নিচে ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবরের সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিসের স্যাটেলাইটে এই চিত্র প্রকাশ পেয়েছে। এই শহর থেকে সম্প্রতি রুশ বাহিনী নিজেদের সেনাদের প্রত্যাহার করেছে। এ ছাড়া দেশটির প্রধান বন্দরনগরী মারিওপোলে তুরস্কের উদ্যোগে মানবিক করিডোর চালু হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, কিয়েভ থেকে ৩৭ মাইল দূরের বুচা শহরে সড়কগুলোতে লাশ পড়ে থাকতে দেখা গেছে। বুচা শহরের একটি গির্জায় গণকরব উন্মুক্ত করে রাখা আছে। সেখানে মৃত মানুষগুলোর হাত-পা বেরিয়ে আছে।

তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। এটি ইউক্রেনের এক ধরনের উসকানি বলেও দাবি করেছে রুশ বাহিনী।

বুচার মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, শহরের রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে। অনেককে গণকবর দেওয়া হচ্ছে।

এরই মধ্যে নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছেন মাক্সার টেকনোলজিস। তারা বলেছে, সেন্ট অ্যান্ড্রু অ্যান্ড পেয়ারভজভান্নোহো অল সেইন্টস গির্জায় গণকবরের সন্ধান পাওয়া যায় গত ১০ মার্চ। আর গত ৩১ মার্চ দেখা গেছে, গির্জা এলাকার দক্ষিণ–পশ্চিম অংশে প্রায় ৪৫ ফুট দীর্ঘ পরিখাযুক্ত একটি সমাধিস্থল রয়েছে।

রয়টার্স বলছে, মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। শনিবার রয়টার্সের সাংবাদিকরা যে গির্জা পরিদর্শন করেছেন, সেটি আর মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের গির্জাটি একই কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। গতকাল ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, তাদের সাংবাদিকেরাও বুচা শহর পরিদর্শন করেছেন। শুধু বুচা শহরের একটি রাস্তাতেই কমপক্ষে ২০টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা।

এদিকে তুরস্কের উদ্যোগে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে মানবিক করিডর খুলতে রাজি হয়েছে রাশিয়া। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে মারিওপোল শহরে আটকেপড়া নাগরিকদের জাহাজে করে সরিয়ে নিতে রুশ সেনাবাহিনীর মাধ্যমে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে প্রেসিডেন্ট এরদোগানের একটি চিঠি হস্তান্তর করে তুরস্ক।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ এ বিষয়ে বলেন, মারিওপোলের সংঘাতপীড়িত অঞ্চল থেকে বেসামরিক নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়া পদ্ধতিমাফিক সমন্বিতভাবে কাজ করছে।

রাশিয়ার এই কর্মকর্তা আরও বলেন, খারকিভ এবং মারিওপোলে রাশিয়া তাদের স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টা থেকে মানবিক করিডোর চালু রাখছে। বিদেশি রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সকল ইতিবাচক মানবিক করিডোরের উদ্যেগ নেওয়ায় রাশিয়াকে স্বাগত জানাই।

০৪ এপ্রিল ২০২২, ০৫:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।