মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ
প্রতিকী ছবি
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ (সোমবার) রাতেই প্রকাশ হবে। এদিন সন্ধ্যা থেকে রাতের যেকোনো সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, ফলাফল প্রকাশে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার পর যেকোনো সময়ে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
জানা গেছে, এ বছর মেডিকেল কলেজে এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিচ্ছু আবেদন করেন। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী। সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়াও বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে সর্বমোট আসন ১০ হাজার ৮২৯টি।