• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

এলপিজির দাম আবারও বাড়ল

এলপিজির দাম আবারও বাড়ল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

দেশে এলপিজি গ্যাসের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারিখাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে ৪৮ টাকা।

রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ৩ মার্চ এলপিজির দাম বাড়ায় বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি গ্যাসে কেজিপ্রতি ৪ টাকা বেড়েছে। বেসরকারি পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৪৩৯ টাকা। ফলে মার্চে তুলনায় এপ্রিলে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের এলপিজিতে ৪৮ টাকা বেশি দিতে হবে।

ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬৪ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ০২ টাকা করা হয়েছে।

০৩ এপ্রিল ২০২২, ০৪:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।