• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত অর্ধশতাধিক ছাত্রী

বিশ্ববিদ্যালয়ে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত অর্ধশতাধিক ছাত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি হলে গত চার দিনে অর্ধশতাধিক ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবারের কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, গত চার দিনে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ৫৩ ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

আক্রান্ত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। অনেক শিক্ষার্থীর পরিচয়ও পাওয়া যাচ্ছে না। ডায়রিয়ায় আক্রান্ত শিক্ষার্থীরা যে যেভাবে পারছেন, চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, হলের ১ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য মাত্র একটি নিরাপদ পানির ফিল্টার বসানো হয়েছে। তাই, বাধ্য হয়ে অনেকেই ওয়াসার সরবরাহ করা পানি পান করেন। এ ছাড়া হলের ক্যান্টিনের খাবারের মানও যাচ্ছেতাই।

এ ব্যাপারে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ডাইনিংয়ের প্রধান পরিচালক নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ক্যান্টিনের খাবারের মান খুব উন্নত না হলেও, তাতে ডায়রিয়ার মতো রোগ হওয়ার কথা নয়। এটি মূলত পানিজনিত কারণে হচ্ছে।

নূর মোহাম্মদ আরও বলেন, ‘কর্তৃপক্ষ হলে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করবে। এতে সমস্যা কেটে যাবে।’

বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট শামীমা বেগম গণমাধ্যমকে বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডায়রিয়া সংক্রমণের খবর শুনার পরই আমি হল পরিদর্শন করেছি। হলের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে ছাত্রীদের নির্দেশনা দেয়া হয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে।’

৩১ মার্চ ২০২২, ০২:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।