ব্লগার অনন্ত হত্যার দায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড
ফাইল ছবি
সিলেটে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যার বহুল আলোচিত মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ড হয়েছে। বুধবার (৩০ মার্চ) সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল খায়ের রশিদ আহমদ, আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন-অর রশিদ। এর মধ্যে আবুল খায়ের রশিদ আহমদ কারাগারে। বাকি আসামিরা পলাতক।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশও দেন আদালত। ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে কুপিয়ে খুন করা হয় অনন্তকে।
হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই রতেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন।