এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
প্রতিকী ছবি
দিন পেরিয়ে গেলেই আসছে ভয়াল ২৫ মার্চ। শুক্রবার দিন শেষে আসছে ভয়াল কাল রাত। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
জানা গেছে, ‘ব্ল্যাক আউট’ চলাকালে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো ব্ল্যাক আউটের আওতামুক্ত থাকবে।
বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইট পরিচালনা করে। নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে হায়েনা পাকিস্তানি বাহিনী।
১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।