হঠাৎ ভিন্নরূপে ঘূর্ণিঝড় ‘অশনি’, যা জানাল আবহাওয়া অফিস
প্রতিকী ছবি
আবহাওয়া অফিস জানিয়েছে, হঠাৎ করেই সব হিসেব পাল্টে দিয়ে গতিপথ ও রূপ বদলেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে ঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে মারাত্মক কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় হালকা ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টি হচ্ছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ ভারতের আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি দ্রুতই ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মনে করা হচ্ছে এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না। বর্তমান সিস্টেমটি আন্দামান দ্বীপপুঞ্জ থেকে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। তবে নিম্নচাপের ফলে আন্দামানে ভারি বৃষ্টি হতে পারে।