অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ: মার্কিন সিনেটর
বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ বিশ্বের একটি মধ্যবিত্ত রাষ্ট্রে পরিনত হবে। উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ নিজেদের অংশীদারিত্ব প্রমাণ করেছে। এসব কথা বলেছেন মার্কিন সিনেটর বব মানেন্দেজ।
রবিবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মার্কিন সিনেটর বব মানেন্দেজ আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার আন্তরিক ইচ্ছা আমাদের রয়েছে। আর মাত্র কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ একটি মধ্যবিত্ত দেশে পরিনত হতে যাচ্ছে। যা দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি বড় সাফল্য। বাংলাদেশ ব্যতিক্রমী এক ইতিহাস হয়ে থাকবে।
বব মানেন্দেজ বলেন, আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ নিজেদের অংশীদারিত্ব প্রমাণ করেছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সক্রিয় একটি শক্তি হিসেবে দাঁড়িয়েছে। আমরা এর প্রশংসা করি।
এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত ও মেধাবী মানবসম্পদ এবং বিশ্ববাজারে আরএমজি রপ্তানিতে বাংলাদেশের অবদানের প্রশংসাও করেন এই মার্কিন সিনেটর।