• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

শাস্তির বদলে ৭০ শিশু-কিশোরকে উপহার দিলেন আদালত!

শাস্তির বদলে ৭০ শিশু-কিশোরকে উপহার দিলেন আদালত!

নিজস্ব প্রতিবেদক

লঘু অপরাধের দায়ে ৫০টি মামলায় অভিযুক্ত ৭০ শিশু-কিশোরকে সাজা না দিয়ে বিরল নজির গড়েছেন আদালত। শিশু-কিশোরদের জাতীয় পতাকা, ফুল ও ডায়েরি উপহার দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২১ মার্চ) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন অভিভাবকদের উপস্থিতিতে ৯ শর্তে এসব শিশু-কিশোরদের মুক্তি দেন।

এ রায়ের ফলে পরিবারের সঙ্গে শিশু-কিশোররা এখন থেকে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।

জানা যায়, বিভিন্ন মামলায় দীর্ঘদিন আদালতে হাজিরা দেওয়ায় শিশুদের লেখাপড়া, মানসিক স্বাস্থ্যসহ স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছিল। বিষয়টি আদালতের সামনে উপস্থাপন করা হয়। পরে নিয়মিত পড়াশোনা, ভালো কাজ করা, সবার সঙ্গে ভালো আচরণ, গুরুজনের আদেশ মেনে চলা, বাবা মায়ের সেবা করা, গাছ লাগানো ও পরিচর্যা, ধর্মগ্রন্থ পাঠ, অসৎ সঙ্গ ত্যাগ, মাদক থেকে দূরে থাকাসহ ৯ শর্তে শিশু-কিশোরদের মুক্তি দেন বিচারক।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, শিশু আদালতের একটি পরিবেশ রয়েছে, আইন রয়েছে। সে অনুযায়ী বিচার হয়। আদালতের শর্তগুলো মেনে চলার নির্দেশনা দেন বিচারক। কেউ শর্ত মেনে না চললে আবার মামলা চালু হবে বলেও জানান তিনি। প্রবেশন কর্মকর্তাকে বিষয়গুলো দেখভালের নির্দেশনা দেন আদালত।

প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান বলেন, আদালতের আদেশ শিশু-কিশোররা মেনে চলছে কিনা তা নিশ্চিত করা হবে।

২১ মার্চ ২০২২, ০৪:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।