মৃত্যুর কাছে হেরে গেলেন ফাহমিদা, জিতে গেল ভালোবাসা!
ফাইল ছবি
প্রেম শাশ্বত, প্রেমই শ্রেষ্ঠ। যুগে যুগে ভালোবাসার জয়ের কথা গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে আমরা জেনেছি। কিন্তু ভালোবাসার জয়ের এক নতুন গল্প রচনা করে গেলেন ফাহমিদা কামাল। ক্যান্সার আক্রান্ত ফাহমিদার নিশ্চিত মৃত্যু জেনেও তাকে ভালোবেসে বিয়ে করেন প্রেমিক মাহমুদুল হাসান। মাহমুদুল চেয়েছিলেন, ভালোবাসা দিয়েই তিনি স্ত্রীকে সারিয়ে তুলবেন। কিন্তু মৃত্যুর চির কঠিন বাস্তবতার কাছে হেরে গেছেন ফাহমিদা-মাহমুদুল।
সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বেসরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ফাহমিদা না ফেরার দেশে পাড়ি জমান। একই দিন বাদ আসর পরিবারিক কবরস্থানে ফাহমিদাকে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
জানা গেছে, ফাহমিদার দেহে ক্যান্সার শনাক্তের আগে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মাহমুদুল হাসান। পরে ফাহমিদার দেহে ক্যান্সার শনাক্ত হয়। এতে ভেঙে পড়েন ফাহমিদা। মাহমুদুলকে অন্য কোথাও বিয়ে করে সংসার সাজানোর অনুরোধও করেন ফাহমিদা। কিন্তু মাহমুদুল ছিলেন অনঢ়। তিনি ভালোবাসাকে হেরে যেতে দেননি। ক্যান্সার আক্রান্ত প্রিয়তমা ফাহমিদাকেই সপ্তাহখানিক আগে বিয়ে করেন।
গত ৯ মার্চ নগরের মেডিকেল সেন্টারে ফাহমিদাকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে ১ টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।