• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ইউক্রেনে আটকে পড়া আরও দুই বাংলাদেশি মুক্ত

ইউক্রেনে আটকে পড়া আরও দুই বাংলাদেশি মুক্ত

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের ভেলিনের ডিটেনশন সেন্টারে আটকে পড়া চার বাংলাদেশির মধ্যে আরও দু’জনকে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে।

মুক্ত হওয়া দুজন বর্তমানে পোল্যান্ডে রয়েছেন। আটকেপড়া অভিবাসীরা জানান, মানবঢাল হিসেবে ব্যবহার করতে সহস্রাধিক ইউক্রেনীয় সেনার সঙ্গে একই শিবিরে বিভিন্ন দেশের শতাধিক অভিবাসীকে একসঙ্গে রাখা হয়েছিল। এরপর নানা পর্যায় থেকে তাদের মুক্ত করতে উদ্যোগ শুরু হয়।

শনিবার যে দু’জন বাংলাদেশি মুক্ত হয়েছেন তারা হলেন- রিয়াদ মালিক এবং নূর মোহাম্মদ।

ইউক্রেনে বাংলাদেশ অনরারি কনস্যুলেটের উপদেষ্টা মাহবুবুল আলমের বরাত দিয়ে ডয়েচে ভেলে জানিয়েছে, রিয়াদ মালিক এবং নূর মোহাম্মদকে মুক্ত করার বিষয়টি জটিল ছিল। ইউক্রেন কর্তৃপক্ষ ভেলিন শিবিরে বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধিকে গিয়ে তাদের নিয়ে আসতে নির্দেশনা দেয়। বাংলাদেশ সরকারের তরফ থেকে তখন একজন ইউক্রেনীয় নাগরিককে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দেওয়া হয়। শনিবার সকালে সেই নাগরিক ভেলিনের শিবিরে গিয়ে রিয়াদ ও নূরকে মুক্ত করেন ও গাড়িতে করে পোল্যান্ডের সীমান্তের দিকে নিয়ে যান।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহ না যেতেই অলভিয়া বন্দরে রুশ রকেট হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।

২০ মার্চ ২০২২, ০৪:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।