‘তারিখের সঙ্গে নম্বর মিলিয়ে রাজধানীতে চলবে গাড়ি’
রাজধানী ঢাকার যানজট নিরসনে সিটি করপোরেশন নতুন উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সিটি করপোরেশনকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দিলে কি কি উদ্যোগ নেয়া হবে তা জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির শেষ প্রান্ত বটমূল এলাকায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তারা।
এসময় রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ে মেয়র বলেন, গাড়ির নম্বরের ভিত্তিতে রাজধানীর রাস্তায় মালিকেরা গাড়ি নামাতে পারবেন। যেসব গাড়ির নিবন্ধন নম্বর জোড় সংখ্যার, ওই গাড়িগুলো মাসের জোড় তারিখের দিনে এবং যেসব গাড়ির নম্বর বেজোড় সংখ্যার, ওই গাড়িগুলো বেজোড় দিনে চালাতে হবে।
এছাড়া রাজধানীর কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলাচল করে, কোথায় বেশি যানজট হয়, এসব বিষয় নিয়ে গবেষণা করা হবে বলেও জানান মেয়র আতিক। ওই গবেষণার ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ও কার্যকর ট্রাফিকব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।