স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ
প্রতিকী ছবি
খুলনায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মার্চ) নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেঁতুলতলা রেলক্রসিং এলাকার পাশে একটি গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিম নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস এতথ্য নিশ্চিত করেছেন।
ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, মামলা করার পর গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে কামরুল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাকি আসামিরা হলেন- ওই এলাকার জীবন, সুমন ও আলা। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
মামলার বরাতে ওসি বলেন, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। এ সময় চারজন ব্যক্তি তাদের গ্যারেজে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।”