হার্ডিঞ্জ ব্রিজে পড়েছিল ঢাবি শিক্ষার্থীর লাশ
ছবি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র মাহবুব আদর।
পাবনার পাকশি হার্ডিঞ্জ ব্রিজের ওপর থেকে মাহবুব আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করে পুলিশ।
তবে কীভাবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। তবে লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত মাহবুব আদর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিল। তার বাড়ি জয়পুরহাট জেলায়।
জানা যায়, বন্ধুদের সঙ্গে মাহবুব আদর কুষ্টিয়ার লালন মেলা দেখতে যাচ্ছিলেন। বুধবার তারা বিশ^বিদ্যালয় থেকে রওনা হন। ট্রেনযোগে কুষ্টিয়ার যাওয়ার পথে তার মৃত্যুর খবর আসে। সর্বশেষ রাতেই ট্রেনের ছাদ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আদর একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তার সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা যায়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মঞ্জের আলি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আমরা পাক রেল ব্রিজ থেকে একটি লাশ উদ্ধার করি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, লাশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। লাশের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আদরের বাবা বলেন, সে বন্ধুদের সঙ্গে কুষ্টিয়া ঘুরতে যাওয়ার জন্য ক্যাম্পাস থেকে বের হয়েছিল বলে শুনেছি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মায়ের সঙ্গে কথা হয়েছিল।