গোশত খাওয়ায় শীর্ষে যুক্তরাষ্ট্র, পিছিয়ে বাংলাদেশ
বিশ্বজুড়ে গোশত খাওয়ার প্রবণতা বাড়লেও মাথাপিছু ভোগের দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী, গোশত খাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে অধিকাংশ মানুষ নিয়মিত গোশত খান। তালিকায় এরপর রয়েছে ব্রাজিল, লিথুয়ানিয়া ও জাপান।
বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক উন্নয়ন ও আয় বৃদ্ধি পেলে সাধারণত গোশত খাওয়ার প্রবণতাও বাড়ে। গত কয়েক দশকে চীন ও ব্রাজিলে এ প্রবণতা দ্রুত বেড়েছে। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে ভারত ও বাংলাদেশের মতো দেশে গোশত ভোগের হার তুলনামূলক কম।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বছরে মাথাপিছু গরুর গোশত খাওয়ার পরিমাণ খুবই সীমিত। উচ্চমূল্য ও আয়ের সীমাবদ্ধতার কারণে অধিকাংশ মানুষ নিয়মিত গোশত খেতে পারেন না। দেশে সবচেয়ে বেশি খাওয়া হয় পোল্ট্রি মুরগির গোশত।
গবেষকরা মনে করছেন, অতিরিক্ত রেড মিট স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই পরিমিত গোশত গ্রহণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা।