কাশ্মীর ইস্যুতে একতরফা পদক্ষেপের বিরোধিতা চীন-পাকিস্তানের
কাশ্মীর প্রশ্নে যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছে চীন ও পাকিস্তান। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে দেশ দুটি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর চার দিনের চীন সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর বিরোধ একটি ঐতিহাসিক ইস্যু এবং জাতিসংঘ সনদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও দ্বিপক্ষীয় চুক্তির আলোকে এর শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত বলে মনে করে চীন।
এতে আরও বলা হয়, দুই দেশই যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধী এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিচ্ছে।
ভারত একতরফাভাবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পরিপ্রেক্ষিতে চীন ও পাকিস্তানের এই যৌথ অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।