• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, সামরিক চাপ বাড়ানোর ইঙ্গিত

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, সামরিক চাপ বাড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, অন্যথায় দেশটির “কিছুই অবশিষ্ট থাকবে না”। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং এখনই পদক্ষেপ নিতে হবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে শনিবার ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানের কূটনৈতিক অবস্থান এবং হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রমেই বিরক্ত হয়ে উঠছেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর সম্ভাবনাও বিবেচনায় রয়েছে ওয়াশিংটনের।

এদিকে পেন্টাগন সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে ইরানের জ্বালানি ও অবকাঠামোগত স্থাপনাগুলোর একটি তালিকা প্রস্তুত করেছে বলে জানা গেছে। তবে ট্রাম্প প্রশাসন এখনও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করেনি।

রোববার ট্রাম্প টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর সঙ্গেও। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতিই আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ।

১৮ মে ২০২৬, ০৫:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।