• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাইয়ের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশনায় পশু জবাইয়ের ক্ষেত্রে সরকারি অনুমোদন ও পশু চিকিৎসকের ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ ও মহিষসহ বিভিন্ন পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন নিতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৪ বছরের বেশি বয়সী এবং কাজ বা প্রজননের অনুপযুক্ত পশু জবাইয়ের অনুমতি দেওয়া হবে। এছাড়া গুরুতর আহত, বিকলাঙ্গ বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত পশুর ক্ষেত্রেও বিশেষ অনুমোদনের ভিত্তিতে জবাই করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু শুধুমাত্র নির্ধারিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া প্রশাসনের অনুমোদিত কর্মকর্তারা যেকোনো সময় সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করতে পারবেন। এ কাজে বাধা দিলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বিধিনিষেধ অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

 

১৪ মে ২০২৬, ০৫:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।