যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, এক দিনে নিহত ৫১
লেবাননে ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করে ইসরায়েল ধারাবাহিকভাবে বেসামরিক ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। দক্ষিণ লেবাননের বেন্ত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় দুটি চিকিৎসাকেন্দ্রে পৃথক হামলার ঘটনাও উল্লেখ করা হয়।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয়পক্ষ একাধিকবার তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর মধ্যেই ২ মার্চ থেকে লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে অভিযান শুরুর পর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৬ জনে।
জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন। এসব হামলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক চাপে পড়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।