• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ জারি করল ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ জারি করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ইরান। এখন থেকে এই প্রণালি ব্যবহার করতে হলে বিদেশি জাহাজগুলোকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে।

আন্তর্জাতিক নৌবাণিজ্যবিষয়ক জার্নাল লয়েড’স লিস্ট জানিয়েছে, ইরানের পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি নতুন এ বিধান কার্যকর করেছে। এর আওতায় জাহাজগুলোকে আগে মালিকানা, বীমা, ক্রু, বহন করা পণ্য, যাত্রার উৎস ও গন্তব্যসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে। তথ্য যাচাই শেষে চলাচলের অনুমতি দেওয়া হবে।

তবে টোলের পরিমাণ বা আদায়ের পদ্ধতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পর হরমুজ প্রণালি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনায় আসে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের বড় একটি অংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হয়।

১১ মে ২০২৬, ০৬:১০পিএম, ঢাকা-বাংলাদেশ।