সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মিলল নিরঙ্কুশ সমর্থন
তামিলনাড়ুতে সরকার গঠনের সব অনিশ্চয়তা কাটিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। জোটের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় শিগগিরই শপথ নিতে যাচ্ছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) বিজয়ের দল তামিলাগা ভেটরি কারাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দিয়েছে। এতে জোটের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮-তে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা।
এর আগে কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থন পেলেও সরকার গঠনের জন্য আরও কয়েকটি আসনের প্রয়োজন ছিল বিজয়ের। বৃহস্পতিবার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানালেও পূর্ণ সমর্থনপত্র দেখাতে পারেননি তিনি। পরে ভিসিকের আনুষ্ঠানিক সমর্থনের মাধ্যমে সেই জটিলতার অবসান হয়।
সবশেষ পরিস্থিতিতে তামিলনাড়ুতে সরকার গঠনের পথ এখন পুরোপুরি পরিষ্কার হয়েছে। রাজনৈতিক নাটকীয়তা শেষে বিজয়ের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষায় রাজ্যবাসী।