হরমুজে আটকে থাকা জাহাজগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের
ইরান হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, ইরানের বন্দরগুলো জাহাজগুলোকে কারিগরি সহায়তা, জ্বালানি, খাদ্য, চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সব ধরনের সামুদ্রিক সেবা দিতে প্রস্তুত রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত জাহাজগুলোর ক্যাপ্টেনদের কাছে এ বিষয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে। বিশেষ করে ইরানের পানিসীমা ও বন্দর ব্যবহারকারী জাহাজগুলো প্রয়োজনে রক্ষণাবেক্ষণ সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা নিতে পারবে।
তেহরানের দাবি, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক নৌ চলাচল সচল রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন দিন প্রতিদিন কয়েক দফায় সামুদ্রিক যোগাযোগ নেটওয়ার্ক ও ভিএইচএফ সিস্টেমে এ বার্তা প্রচার করা হবে।
উল্লেখ্য, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে প্রায় দুই হাজার জাহাজ আটকে রয়েছে।