ইরানে সংঘাতে শিক্ষক-শিক্ষার্থীসহ ২৪৩ জন নিহত
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। চলমান হামলা ও অস্থিরতায় শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইয়াজদ শহরে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফারস নিউজ। প্রতিবেদনে বলা হয়, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রচণ্ড ভয় ও মানসিক চাপে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরে মারা যায়। সংঘাতের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের ওপর মানসিক চাপ ও মানবিক সংকট বাড়ছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন।