আমিরাতের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি ইরানের
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। অভিযোগ করা হয়েছে, মার্কিন হামলার সুযোগ করে দেওয়ার মাধ্যমে আমিরাত সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিটি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি।
চিঠিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইরানের দাবি, এই সহযোগিতার ফলে তাদের ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানসিক প্রভাব পড়েছে।
ইরান জানিয়েছে, এই ক্ষতির জন্য আমিরাতকে পূর্ণ দায়ভার নিতে হবে এবং আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে হবে।
তবে এ বিষয়ে এখনো আমিরাত বা জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।