তেলের দাম বাড়ায় চাপে ট্রাম্প প্রশাসন
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় উদ্বেগে পড়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সিএনএন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর প্রথম দিকে দাম সাময়িক বাড়বে বলে ধারণা করা হলেও পরিস্থিতি এখন অনেক বেশি জটিল হয়ে উঠেছে।
বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও পড়েছে এবং দ্রুত বাড়ছে গ্যাসের দাম। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা চালালেও বাজার নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়ায় বিশ্ব তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বাধাগ্রস্ত হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকেরা স্থানীয় তেল সরবরাহ বাড়ানো এবং কৌশলগত তেলের মজুত ব্যবহারের মতো বিভিন্ন বিকল্প পরিকল্পনা বিবেচনা করছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত দীর্ঘ হলে বিশ্ব অর্থনীতির ওপর এর বড় প্রভাব পড়তে পারে।