ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের
মার্কিন সিনেটর টিম কেইন বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ অপ্রয়োজনীয় এবং অত্যন্ত বিপজ্জনক। তার মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের সামরিক অভিযান শুরু করা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
তিনি বলেন, ‘একেবারেই অগ্রহণযোগ্য উপায়ে মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্তানদের একটি বিপজ্জনক যুদ্ধে ঠেলে দিয়েছেন।’ কেইনের মতে, এই সংঘাত শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি তৈরি করছে।
ইরাক, লিবিয়া ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অতীত সামরিক অভিযানের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ওই যুদ্ধগুলো থেকে যুক্তরাষ্ট্র তেমন কোনো সুফল পায়নি এবং সেগুলো অঞ্চলটিকে স্থিতিশীল করতেও ব্যর্থ হয়েছে।
যুদ্ধ বন্ধে তিনি তার সাধ্যের মধ্যে সবকিছু করার অঙ্গীকার করেন।