হরমুজ প্রণালিতে টাগবোট ডুবি, নিখোঁজ ৩ ইন্দোনেশীয় নাবিক
আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার টাগবোট মুসাফ্ফাহ-২ ডুবে যাওয়ার পর একজন ইন্দোনেশীয় নাবিককে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ওমানের খাসাব শহরের একটি হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রণালয় জানায়, জাহাজটিতে থাকা অন্য তিনজন ইন্দোনেশীয় নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ডুবে যাওয়ার আগে টাগবোটটিতে একটি বিস্ফোরণ ঘটে এবং এরপর আগুন ধরে যায়। এতে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত ডুবে যায়।
ঘটনার সঠিক কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।