মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। তিনি বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক এবং এটি বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরাতে কাজ করছে দেশটির সরকার। এ জন্য বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক বিমান সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
বদর আল-বুসাইদি বলেন, পাসপোর্ট যে দেশেরই হোক না কেন, প্রতিটি মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা মানবাধিকার। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের সমাধান হবে এবং যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটবে।