তেলআবিবে ইরানের হামলায় ৪০ ভবন ধ্বংসের দাবি
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দ্বিতীয় দিনের মতো পাল্টা আঘাত চালিয়েছে ইরান। শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিব–এ অন্তত ৪০টি ভবন ধ্বংস হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমে দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ৩০০ বাসিন্দাকে সরিয়ে তিনটি হোটেলে রাখা হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
হামলার জেরে ইসরাইলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন শোনা যাচ্ছে, সেখানকার বেসামরিক নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হবে। ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
মধ্যপ্রাচ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।