• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পাল্টা হামলার প্রেক্ষাপটে বাহরাইন-কুয়েত-আবুধাবিতে বিস্ফোরণের খবর

পাল্টা হামলার প্রেক্ষাপটে বাহরাইন-কুয়েত-আবুধাবিতে বিস্ফোরণের খবর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে পাল্টা হামলার পর বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তরাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এ নিয়ে দেশটিতে সতর্কতা জারি রয়েছে।

বাহরাইন নিশ্চিত করেছে, সেখানে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়।

শনিবার সকালে রাজধানী তেহরান–সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর কথা স্বীকার করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি মোকাবিলায় ‘পূর্বনির্ধারিত হামলা’ চালানো হয়েছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান ও কারাজ শহরেও হামলার দাবি করা হয়েছে।

পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।