মুম্বাইয়ে গ্রেপ্তার আরও ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১,৭৫৮
ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়ে আরও ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড–এর সমন্বয়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২৫০ জনকে জিজ্ঞাসাবাদ করে ২৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত করা হয়।
চলতি বছরের প্রথম দুই মাসে মুম্বাই থেকে ১১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে; এর মধ্যে ২৭ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত তিন বছরে মোট ১,৭৫৮ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১,২৩৮ জনকে বহিষ্কার করা হয়েছে।
যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গ সীমান্তে নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।