দ্বৈত নাগরিকদের জন্য কড়াকড়ি: ব্রিটিশ পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে প্রবেশ নয়
দ্বৈত নাগরিকদের জন্য প্রবেশনীতি কঠোর করেছে যুক্তরাজ্য সরকার। নতুন বিধি অনুযায়ী, ব্রিটিশ নাগরিকত্ব থাকা ব্যক্তিরা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। নিয়মটি ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এতদিন বহু দ্বৈত নাগরিক নিজ নিজ অন্য পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে ভ্রমণ করতেন। তবে নতুন ব্যবস্থায় প্রবেশের জন্য বৈধ ব্রিটিশ পাসপোর্ট, বৈধ আইরিশ পাসপোর্ট বা অ-ব্রিটিশ পাসপোর্টে সংযুক্ত ‘রাইট অব অ্যাবোড’ সনদ আবশ্যক।
প্রথমবার ব্রিটিশ পাসপোর্ট করতে খরচ প্রায় ৯৪.৫০ পাউন্ড এবং সময় লাগতে পারে কয়েক সপ্তাহ। বিকল্প ‘রাইট অব অ্যাবোড’ সনদের খরচ প্রায় ৫৮৯ পাউন্ড।
সমালোচকদের অভিযোগ, যথাযথ প্রচার না থাকায় অনেক পরিবার হঠাৎ চাপে পড়েছে। সরকারের দাবি, নতুন নীতি সীমান্ত নিরাপত্তা জোরদার ও অভিবাসন তথ্য হালনাগাদে সহায়ক হবে।